Saturday, 5 December 2020

কাথাষ্টিচ শিল্পী সোনালির লকডাউনের দিন

 কাঁথাষ্টিচ শিল্পী সোনালির লকডাউন যাপন 

 মেয়েদের সুন্দর মুখের নয়, সুন্দর কাজের জয়  সর্বত্র। সাফল্যের সীমানা দিগন্তপার। তাইতো সোনালীদের এত ঝকঝকে হাসি। পরিচ্ছন্ন মুখ। কাজ সুন্দর হয়। তাইতো মুখশ্রী মন জয় করে নেয়। ব্যক্তিত্ব নজর কাড়ে। মুর্শিদাবাদের সোনালীর গল্প সেইরকম। সফল ব্যবসায়ী,সফল মা। ছেলে ব্যাঙ্গালোরে আই টি কর্মী। দীর্ঘ দশ বছর ধরে নিজের হাতেই ষ্টিচ ও ডিজাইনার শাড়ির ব্যবসা সামলানো। নিজের ডিজাইনিং কোর্সও কলকাতা থেকে করে আসা। সেখানেও নিজের ব্যবসা প্রমোট করা। সবটাই সোনালীর নিজের ক্ষমতা ও চেষ্টায়। 

লকডাউনে সেল জিরো। বিশ্ববাংলার হাটে মেলা শুরু।  আবার জেলায় জেলায় মেলার প্রস্তুতি হবে হয়ত। কিন্তু সোনালীরা থেমে থাকেনি। মুর্শিদাবাদের বহরমপুরেই 'সোনাঝুড়ির হাট' নামিয়ে আনছে তারা। নিজেরাই বসে না থেকে উদ্যোগ নিতে চলেছে। 

সোনালীর গুজরাটি ও কাশ্মিরি  ষ্টিচের শাড়ি মুর্শিদাবাদ থেকে কলকাতায় শুধু গেছে তা নয়।  আমেরিকায় পাড়ি দিয়েছে। গেছে দেড়শো গুজরাটি কাজের চাদর ও শাড়ি । খুব প্রশংসিত হয়েছে তার হাতের কাজের শাড়ি। পঁয়ত্রিশ জন মেয়ে  কাজ করে সোনালীর কাছে। মেয়েদের জন্য লকডাউনে চালু রেখেছিল সোনালী কাজ। এবার আশার আলো। মেলা তো শুরু। সেলের খাতায় নয় মাস পর অংক বসানোর পালা! সোনালীদের দক্ষতা নিয়ে বলার মানুষ কম। দেশ পেরিয়ে সুদূর আমেরিকার মাটি জয় করছে সোনালীর ডিজাইন করা  শাড়ি!  মুর্শিদাবাদের এই সফল মহিলাকে না জানলে,না চিনলে নবাবের দেশকে আর কী চেনা!

বহরমপুর,মুর্শিদাবাদ

Wednesday, 2 December 2020

কাঁথা শিল্পী মিলির লকডাউন যাপন

 মিলি খাতুনের লকডাউনের দিন

শিল্পীর সবচেয়ে বড় বিপন্নতা কাজ না করতে পারা। লকডাউনের দিন মিলিরা একরকম দিশেহারা হয়ে পড়ে। চৌদ্দ বছরের প্রতিষ্ঠান মিলির। নাগাড়ে বন্ধ । মিলির কাছে কাজ করে ১৪৫ জন মেয়ে।তাদের পরিবারের দিকে তাকিয়ে মিলি চালিয়ে যেতে থাকে কাজ। ওদের মুখে হাসি ফোটাতে গিয়ে মিলির আর্থিক অবস্থা খারাপ হতে থাকে ।ব্যাংক থেকে লোন করতে হয় । নিজের শখের গয়না জমা দিয়েই তারপর  আসে টাকা। 

তিনটি প্রজন্ম শিল্পী। প্রথমে হাতের কাজ ছিল পারিবারিক। তারপর মিলির মা কাজকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। মিলি বারো বছর বয়সে জড়িয়ে পড়ে কাজে। তারপর কাজ বাড়তেই থাকে। মহিলা-পুরুষের সমস্ত রকম পোশাক,ব্যাগ এবং ফাইল, বিছানার চাদর,কুশান সবকিছুতেই কাঁথার কাজ করার আইডিয়া নিয়ে এগিয়ে যায় মিলি। ধীরে ধীরে মেয়েদের সংখ্যা বাড়তে থাকে।

মিলির কাজ চলতে থাকে সব প্রতিকূলতা অতিক্রম করে। ব্যক্তিগত লোনের ভার মাথায়  নিয়েও মেয়েদের কাজ চালিয়ে যায় মিলি। মেলার ভরসায় থাকতে থাকতে অবশেষের দীর্ঘ  দশ মাস পরে সুদিন আসে। বীরভূমের শিল্পী হিসেবে স্বীকৃতি পাওয়া মিলি আসলে অন্যের ঘরে আলো জ্বালতে গিয়ে নিজেই প্রদীপের অন্ধকারে এসে পড়ে। তবু ক্ষেদ নেই।  সকলকে নিয়েই প্রতিষ্ঠানের গর্ব বহাল। নিজেই ডিজাইন করে। সুতো ঠিক করে দেয়। তারপর মেয়েদের শিখিয়ে দক্ষ তৈরি করে নেয়। প্রতিনিয়ত মেয়েদের খোঁজ চলতে থাকে। তাদের উপযুক্ত পারিশ্রমিক দিয়ে গড়ে-পিটে নিয়ে ভালো কাজ উপহার দেওয়ার এক নেশা মিলিকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। ব্যবসা  শুধু নয়,মেয়েদের  সম্মানজনক উপায়ে রোজগারের মধ্যে নিয়ে আসা মিলির লক্ষ্য। এবং কাজের সূক্ষ্মতা ও সৌন্দর্য তার প্রথম লক্ষ্য। সেখানে কোনোরকম সমঝোতার জায়গা নেই। 

হাসিমুখে পাড়ি দিয়েছে মিলি কলকাতার ইকো পার্কের মেলায়। লকডাউনের পর মিলির এবার দ্বিতীয়  মেলায় যোগদান। মাথায় ঋণের বোঝা। তবু মেয়েদের লকডাউনের মধ্যে মেয়েদের হাতের তৈরি জিনিষ বিক্রী করতেই হবে! ক্রেতাদের দিতে হবে নতুন ডিজাইনের উন্নত মানের জিনিষ। লকডাউনের বিপর্যয় কাটিয়ে ওঠার দীর্ঘ সংগ্রামে প্রতিষ্ঠানের মেয়েরাই ছিল একমাত্র সাথী। তাদের জন্যই মিলির দৌড় চলছেই। তবু কিঞ্চিৎ হতাশা। মহিলা ব্যবসায়ীদের প্রতি সরকার যদি আর একটু সদয় হোত। তবে এই লড়াই বুঝি একটু সহজ হয়ে যেত। এতবড় বিপদ তো একেবারেই প্রথম দেখা! 

বীরভূম।


Saturday, 21 November 2020

মাস্কমেকার দেবযানীর লকডাউন যাপন

 দেবযানীর লকডাউনের দিন

লকডাউনে বিরাট সংখ্যক মানুষ হারিয়েছে কাজ। স্বনির্ভর প্রকল্পের সঙ্গে যুক্ত মহিলা দলগুলির অবস্থাও ভালো নয়। তৈরি কাজ নিয়ে ঘরে বসে দিন কাটাচ্ছে অনেকেই। এর মধ্যেই বাজিমাত করেছে দেবযানী।পাঁচ হাজারের বেশি মাস্ক বিক্রী একরকম রেকর্ড বলা যেতে পারে। আর এই অসাধ্য সাধনের কাজটি করেছে কান্দির দেবযানী ধর। মার্চ মাস থেকে এখন পর্যন্ত মাস্ক বিক্রি পেরিয়েছে পাঁচ হাজার। কাজ চালাতে সঙ্গে নিয়েছে আরও চারজন মহিলাকে। প্রিন্ট, ম্যাচিং, এক কালার,টু লেয়ার থেকে ফোর লেয়ার মাস্ক তৈরি। নানা রঙ ও ডিজাইনের বাহারি মাস্ক দেবযানী বানিয়েই চলেছে।

স্বামীর ব্যবসা হঠাৎ মন্দা। কি করবে ঘরের বৌ? নিশ্চিতভাবেই সংসারের হাল ধরবে। খুঁজবে হন্যে হয়ে একটি কাজ। দেবযানী শিক্ষিত। গ্র‍্যাজুয়েট। বিবাহ পরবর্তী জীবনে শুরু হয় অন্য লড়াই। স্বামীর প্রায় বন্ধ হয়ে যাওয়া সোনার দোকান চালু রাখার অনেক চেষ্টা করে ব্যর্থ হয় দেবযানী। তারপর চৌকাঠ পেরোনোর পালা আসে! সন্ধান চালাতে থাকে দিনরাত কাজের। অনেক কষ্টে জোগাড় হয় কাজ। তাও আবার মাসে দেড় হাজার। দুই ছেলে -মেয়ে নিয়ে বিরাট সংগ্রাম। তারপরে কাজের চাপে অসুস্থ হয় দেবযানী। আসে কোভিড ও লকডাউন। স্থানীয় বিডিওর পরামর্শেই মাস্ক বানানো শুরু করে দেবযানী। এখন চারজন মেয়ে কাজ করছে দেবযানীর কাছে। তিরিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত দাম দেবযানীর মাস্কের।

 


মাস্কের সঙ্গে দেবযানীরা দিচ্ছে সুন্দর প্যাকেট। সেখানে নিজের নাম ও ফোন নাম্বার দেওয়া। এভাবেই দেবযানী খুঁজে পেতে থাকে ব্যক্তিগত ক্রেতা। বাড়তে থাকে ব্যবসার পরধি। যেমন ডিজাইন ও কালারের মাস্ক চাই তেমনটাই অর্ডার নিয়ে বানিয়ে দিচ্ছে দেবযানী।

লকডাউন আশীর্বাদ হয়ে নেমে আসে দেবযানীর জীবনে। বন্ধ সংসারের চাকায় নতুন করে গতি ফিরে এসেছে। বাঁচছে আরও চারটি পরিবার!মেয়েদের উপার্জনে পরিবারের মুখে ফুটছে হাসি! নেমে আসছে স্বস্তি।


গোকর্ণ,কান্দি,মুর্শিদাবাদ

Monday, 16 November 2020

মহিলা মাইগ্রান্ট লেবারের আনলকডাউন যাপন



চম্পা-পারভিন-সরিফা-আর্জিনাদের আনলকডাউনের দিন  

মাইগ্রান্ট লেবার আর্জিনার বয়স সাতাশ। চেন্নাইয়ে নামী অন্তর্বাস কোম্পানীর কাজে হাতেখড়ি। সেখানে মাসে রোজগার ছিল সাত হাজার। তারপর ঠিকানা ছিল লুধিয়ানা। এখানে ছিল টায়ারের ফ্যাক্টরিতে কাজ। সাত মাস কাজ হতেই লকডাউনের ঘোষণা। মাস মাইনে ছিল দশ হাজার। আট মাস ধরে গ্রামে। কাজ নেই। দুটি বাচ্চা। এদের পড়ানোর জন্য টাকা উপার্জন জরুরি । কিন্তু ফেরার উপায় নেই। প্লেন ভাড়ার ক্ষমতাও নেই। ঘরে বসে কী করা যায়? ভেবেই চলেছে দিনরাত। হাতের কাছে উপায় বলতে গ্রামে এক টেলার সেলাই শেখাচ্ছে। তার কাছেই কাজ শেখার কথা ভাবছে আর্জিনা।

মাইগ্রান্ট লেবার রেখার বয়স পঁচিশ। লুধিয়ানায় স্টিল ফ্যাক্টরিতে করত কাজ। দশ মাস পরেই লকডাউন ঘোষণা। মাসে পেত সাত হাজার টাকা। তামা-পেতল আলাদা করা ছিল কাজ। ঘরে ফিরে কাজ নেই। একটিই বাচ্চা। সংসার ছোটো কিন্তু স্বামী-স্ত্রী কারও কাজ নেই। তবু সংসার চালাতে হাত পাততে হচ্ছে স্বামীর কাছেই। সেখানেও উত্তর 'নেই'। সেটা শুনেও ক্লান্তি আসছে।

সরিফা মাধ্যমিক পাশ। নাট বল্টুর কারখানায় কাজ করত লুধিয়ানায়। পেত সাত হাজার টাকা। লকডাউনে ঘরে ফেরে।এখন ফাঁকা হাত। আবার কবে কাজে ফিরবে নিশ্চয়তা নেই।

চম্পা সাইকেলের রিম তৈরির কারখান্য কাজ করত। পেত সাড়ে ছয় হাজার টাকা। ঘরে ফিরে বিরাট সমস্যা। দুই মেয়ে। সংসারে ভরসা রেশনের চাল ও বাচ্চাদের স্কুলের মিড ডে মিলের চাল-ছোলা--আলু। সংসারের হাল ফেরাতে এখন হাঁস-মুরগি পালনের কথা ভাবছে!

পারভিনার বয়স তিরিশ। নাট বলটুর কারখানায় ছিল কাজ। লকডাউনে বাড়ি ফিরে আসা। মাসে সাত হাজার টাকা পেত। এখন ঘরে বয়সে থাকা। সময় কাটছে না। অন্যদিকে অভাবও দিনে দিনে বেড়েই চলেছে।

গ্রামে মেয়েদের সামনে সেল্ফ হেল্প গ্রুপের কাজ ছিল বড় বিকল্প। এখন আটমাস ধরে তালা পড়েছে সেখানেও। এখন মহিলা মাইগ্রান্ট লেবারদের সামনে দুটি বিকল্প জীবিকা। পশুপালন ও টেলারিং। কিন্তু কোনোটিতেই স্থায়ীভাবে রোজগারের আশা নেই। কাজ নতুন করে শিখে শুরু করা কঠিন। প্রশিক্ষণের জন্য সময় দরকার।রাজ্যের বাইরের কাজ আটমাস পরে ফিরে পাওয়া অসম্ভব। ফিরে যাওয়ার উপায় আপাতত বন্ধ। তাই এরা ধুঁকছে। খাবার জুটছে কোনোরকমে কিন্তু স্বাধীনতা ও আত্মনির্ভরতার স্বাদ খুঁজে ফিরছে।

মাইগ্রান্ট লেবার সরিফা-পারভিনদের সকলের একটাই কথা- "মেয়েদের হাতে কিছু পয়সা না থাকলে সম্মান থাকে না সংসারে!" সব মেয়ের বাবারা যদি বুঝত! তবে হয়ত বিয়ের জন্য পয়সা না জমিয়ে মেয়েদের স্বনির্ভর করার জন্য অর্থ সঞ্চয় করত। বেঁচে থাকার জন্য খাদ্যের মতই সম্মান জরুরি। অসম্মানের জীবনে খাবারেও পেট ভরে না। অন্যদিকে মেয়েদের অর্থনৈতিক অধিকারের বিষয়ে অনেক বেশি করে প্রশাসনিক তৎপরতা প্রয়োজন। মহিলা মাইগ্রান্ট লেবারদের জন্য একটি নির্দিষ্ট রাষ্ট্রীয় নীতিও জরুরি। কিন্তু ভাবছে কি কেউ? নাকি এমন অবস্থা মেনে নেওয়াটাই স্বাভাবিক এমন মত প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে!

হরিহরপাড়া,মুর্শিদাবাদ


Sunday, 8 November 2020

জুট শিল্পী লায়লার লকডাউন যাপন

 আর্টিজান লায়লার লকডাউনের দিন

প্রথম ইন্ডো আমেরিকান ভাইস প্রেসিডেন্ট মন খুশি করে দিয়েছে আমাদের। কমলা দেবি হারিস মেয়েদের আকাশে আর এক নতুন নক্ষত্র। কিন্তু এদিকে সূর্যাস্তের রঙে অনিশ্চয়তার সুর। আগামীর অন্ধকার সকালের মুখোমুখি আমাদের মেয়ে লায়লারা। বাক্সবন্দি হাতে বানানো জিনিষের ভিড়। বিক্রী নেই। মেলা নেই। কাজ করা কারিগর মেয়েদের হাতে পয়সা নেই। এদের সাহায্য নয়,শ্রমের মূল্য চাই। প্রোডাক্টের চাহিদা আছে। বাজারটাই শুধু টানা বন্ধ! তাও আট মাস ধরে চলছে বেঁচে থাকার লড়াই। লায়লার ২০ বছরের হাতের কাজের অভিজ্ঞতা। কাজ বন্ধ করলে মেয়েদের কি হবে! তাই দশজন মেয়ে করে যাচ্ছে কাজ।

লায়লা নিজে মাধ্যমিক পাশ। কিছুটা হলেও বুঝেছে কোভিডের ক্ষমতা! তারপর থেমে থাকেলে তো চলবে না! লায়লা গত বছর পুজোয় ৯০ হাজার টাকার ম্যাটের অর্ডার পেয়েছিল কলকাতায়। তারপর ছিল বিভিন্ন মেলা। তার আগেও পেয়েছিল ওয়াল টু ওয়াল কার্পেটের অর্ডার। প্রায় ৮০ হাজার টাকার। এবারে হাত শূন্য। জুটের রকমারী সম্ভার ঘরবন্দী।

লকডাউনে অনলাইন বিজনেস বুম হলেও প্রযুক্তিবিদ্যাবিহীন মেয়েরা পড়েছে বিপদে।স্মার্টফোন নেই হাতে। অনেকে আবার নিজের না থাকলেও ছেলেকে কিনে দিতে বাধ্য হয়েছে। আবার যাদের আছে তারাও খুব বেশি পারদর্শী নয়। তাই প্রান্তিক মেয়েদের ক্ষমতা নেই মোবাইল ব্যবহার করে ঘরবন্দী জিনিষের বিজ্ঞাপণ দেওয়া। এবং সেটা বিক্রীর ব্যবস্থা করা। আবার কাজে যুক্ত থাকা মেয়েদের বিপদ বেড়েছে। ট্রেন বন্ধ তাই স্বামীরাও কাজে যেতে পারেনি। প্লেনের ভাড়া দশ হাজারের বেশি। সেটা জোগাড় গ্রামের শ্রমিকদের প্রায় অসম্ভব। ছেলেমেয়ের পড়া বন্ধ। অনলাইন ক্লাস করার জন্য মোবাইলও নেই। এদিকে বিক্রী নেই তাই লায়লা এদের দিয়ে বেশি কাজ করাতেও পারছেনা। পরিবার গুলি ভুগছে। তবু এরা কেউ বসে নেই। কাজ করছে। মজুরি কম মিলছে। কেননা কাজ কম। লায়লার জিনিষ বিক্রী নেই। মেলা নেই। খুচরো বিক্রীও নেই।অর্ডার ও নেই। তবুও লায়লারা বাঁচিয়ে রেখেছে কারিগরদের ঘর। মেয়েদের সংসার। এদের শ্রমের মর্যাদা এদের উপার্জনের ন্যায্য পয়সা। তা দিয়ে চলে ঘর। লায়লারা হার মানেনি। মেয়েরাও নয়।


উদাহেরামপুর,ইসলামপুর,মুর্শিদাবাদ


Friday, 6 November 2020

আদিবাসী নৃত্য শিল্পীদলের লকডাউনের দিন

আদিবাসী নৃত্য শিল্পী তপতী শকুন্তলার লকডাউন যাপন

আদিবাসী নৃত্য শিল্পী বালিকা কিস্কু,তপতী হেমব্রম,শকুন্তলা মুর্মুরা কেমন আছেন? আনলক ফেজ-৫ কি বদল করেছে দিনের  হাহাকার আর রাতের না খেয়ে শুয়ে পড়ার দিন! লকডাউন কী অভিশাপ নামিয়ে এনেছে এই মেয়েদের জীবনে!শুনলে আঁতকে উঠতে হয়। শুধু নুন দিয়ে ভাত। রেশন থেকে পাওয়া চাল। সেটাই ভরসা ছিল। ছেলেদের অনলাইন ক্লাসের জন্য  মোবাইল ফোনের আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হওয়ার গল্পবলা মায়ের চোখগুলো অন্তর বিদীর্ন করে। মনে হয় কিসের উন্নতি! কিসের গণতন্ত্র! আসলে কার জন্য এই দেশ? আদিবাসী লোকশিল্পের দলগুলির টানা বসে থাকা সাত মাস পেরিয়েছে। 'টিকমারা মারাং বুরু এনেচ সিরেঙজ গাঁওতা' ২০০৯ সালে প্রতিষ্ঠিত। ১৮ জন মহিলা নৃত্য শিল্পীদের আটজন- পূজা,অঞ্জলি,নেহা,প্রতিমারা ভাতা পায় না। কিন্তু  অনুষ্ঠানে গেছে লকডাউনের আগে। লকডাউনের প্রথম দিকে তো একবেলা খেয়ে কাটিয়েছে দিন। একঘরে প্রায় আটজন করে থাকা। 'বিষ্ণুপুর আদিবাসি লুতুতেরম গাঁওতা'র পাঁচজন নৃত্যশিল্পী শান্তি কিস্কু,রুসমি,নিশা,মামনি কিস্কুরা ভাতা ছাড়াই অনুষ্ঠান করে গেছে এতদিন। রেশনের পাওয়া চাল বেচে সংসার চালাচ্ছে!'শিয়ারা আদিবাসি হুডুর বিজলি গাঁওতা'র প্রতিষ্ঠা ২০০৭ সালে। আটজন মহিলা  নৃত্যশিল্পী শিবানী,চুমকি,মমতা,পরী,পামি মুর্মুদেরও বীনা ভাতায় চলেছে দিন। লকডাউন শুধু আধমরা করে দিয়েছে মমতা হেমব্রমদের।


কিন্তু এদের মুখের হাসি  অমলিন। নিজেদের দলের প্রোগ্রাম নিয়ে খুব উৎসাহ। অভিযোগ টাকা একসঙ্গে পায় না। সারাবছর পায় না

অন্যদিকে মাঠের কাজ মাত্র পনেরো থেকে কুড়িদিন। লকডাউনে সে আশাও ছেড়েছে। ধান কাটার সময় মাত্র ১০ দিন কাজ পাওয়ার আশা। সে টাকাও স্বামীরা মদের জন্য চুরি করে নেয়। বছরে ৩৬৫ দিন!  চলে কি করে? মেরিলা, রেখা এদের একটিই ইচ্ছা- পশুপালনের জন্য ব্যবস্থা করে দিলে সংসার বাঁচে। জীবন বাঁচে। হাস-মুরগি, ছাগল থাকলে অভাবের দিনে বিক্রী করে চলবে ঘর।

খুব সুন্দর করে সাজতে পারে প্রতিমা,অঞ্জলি,পানসুরি,শিবানীরা। দেখলে মনে হয় সৃষ্টি এর চেয়ে অপূর্ব আর কোথাও নেই! নৃত্যের কাজকে এরা দেবতার মত মানে। এরা সত্যিই বড় আর্টিস্ট। কিন্তু এদের স্বীকৃতি নেই! অভাব এদের ললাটলিখন। তাই মুখের হাসি দিয়ে জীবন জয়ের মন্ত্র আয়ত্ত করেছে আদিবাসী   নৃত্যশিল্পীরা। শুধু একটাই জিজ্ঞাসা আবার কবে প্রোগ্রাম হবে! আবার নতুন করে শিল্পীদল গড়া হবে! না খেয়ে ঘরে পড়ে থাকার  চেয়ে তো কাজ করে হাসিমুখে অভাবকে স্বীকার করে ছেলেমেয়েকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া ভালো! এই মেয়ে ও মায়েদের  কাজ চাই! শুকুরমিনি,হুপনি,ফিলিচিতা মুর্মুদের কেউ আছে একটা কাজ দেওয়ার? এদের নৃত্যকে জনপ্রিয় করবে কেউ? দূর্গাপুজো,কালী পুজোর অনুষ্ঠানের দিনগুলিতে এদের ডেকে এই আদিবাসী নৃত্যশিল্পীদের শিল্পের কদর করবে  কি কেউ? আজ নয়ত আর কবে?

বিষ্ণুপুর,নবগ্রাম।

 

Wednesday, 4 November 2020

কাঁথাষ্টিচ শিল্পীর বিলকিসের লকডাউন যাপন

বিলকিসের লকডাউনের দিন 

 আমাদের লক্ষ্মীরা ছড়িয়ে আছে উঠোন -দেওয়াল-ছাদ জুড়ে। কখনও বিলকিস,কখনও সোনালি কখনও মীরা নাম নিয়ে। মস্ত আকাশের নীচে এদের একার সংগ্রাম। সাত বছর বয়স থেকে সেলাই জানা বিলকিসের নিজের সেলাই প্রতিষ্ঠান ৩০ বছর পার করেছে। ফিরে দেখা ঝাপসা চোখে শুধুই মিরাকেলের ছড়াছড়ি। মেয়েদের নিয়ে কিছু করার ইচ্ছা আর আবেগ প্রায় সব ট্রফি জিতে এসে হাতে ধরিয়েছে বিলকিসের। একদম শুরুতেই প্রায় ১১ রকমের কাঁথা ষ্টিচের নাম ও সেলাই দেখিয়ে তাক লাগিয়ে দেয় তথ্য ও সংস্কৃতি দপ্তরের এক অনুষ্ঠানে বিলকিস সকলকে। নিজের নামও তুলে দেয় জেলা তথ্যের ইতিহাসে। সেই সময় ১৫ হাজার টাকায় বিক্রী হয় ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া নানাধরণের কাঁথা স্টিচ দিয়ে তৈরি বিলকিসের শাড়ি। কিন্তু কোভিডকাল বিলকিসকে ধরাশায়ী করেছে বেশ।

রাজারহাট থেকে প্রায় ১৫ লক্ষ টাকার ষ্টিচের শাড়ি-চাদর ও পোশাক নিয়ে গাড়ি করে ঘরে ফেরা। মাত্র ৭০ হাজার টাকার বিক্রী হতেই লকডাউনের ঘোষণায় মেলা গুটিয়ে ফিরতে হয় বিলকিসকে। তবু দুশো মেয়ের সংসারের দায় মাথায় নিয়ে বিলকিসরা ধরিত্রীর লক্ষ্মীদের বুকে আগলে রেখেছে। এদের বাঁচিয়ে রাখার আরাধনায় বিলকিসরা মগ্ন। কুড়ি বছর আগে স্বামীর হঠাৎ মৃত্যুর সাতদিনের মধ্যেই মেলা যায় বিলকিস মেয়েদের নিয়ে। শোক-দুঃখ জয় করে ছোটে কর্মযজ্ঞের রথ।

উত্তরণের সূর্য প্রায় দুই যুগেরও আগে উঠেছিল। স্বামীর সঙ্গে লোন নিতে ব্যাংকে আসা বিলকিসের। সবেমাত্র কয়েক ইঞ্চি বোনা হয়েছে সোয়েটার। ব্যাংকে ভিড় দেখে চেয়ারে বসেই সোয়েটার বুনতে থাকে বিলকিস। বেলাশেষে ডাক পড়ে বিলকিসের। তখন সোয়াটারের একটা পার্ট শেষ হতে চলেছে। ম্যানেজার বিলকিসের একনিষ্ঠতা ও ধৈর্য দেখে পরামর্শ দেয় একটা সেলাই মেশিন কিনে উলের কাজ করার। ফিরতি পথে ট্রেনের কামরায় সাঁটানো এক পোষ্টার নজরে আসে। সেখানে ছিল কাটোয়ার উলের মেশিনে সোয়েটার বোনার ঠিকানা ও ফোন নাম্বার। তারপর আর পেছন ফিরে তাকানো নেই। বাজারে রেডিমেট উলের সোয়েটারের তখন খুব বেশি চল না থাকায় বিলকিসের বাড়িতে ভিড় জমায় প্রশাসনিক মানুষ থেকে ডাক্তার,অধ্যাপক,শিক্ষকরা। উলের সঙ্গে শুরু হয়ে যায় শাড়ি, চাদর ও কাঁথায় গুজরাটি,আড়ি, ব্লক,বাটিকসহ নানাধরনের ষ্টিচের কাজ। ভাগ্য খুলে যায় তন্তুজ থেকে অর্ডার পেতেই। কুড়িটি মেয়ে নিয়ে কাঁথা ও সিল্কের থানে কাজ শুরু করে বিলকিস। তারপর একের পর এক বাড়তেই থাকে কাজ। গড়ে ওঠে নিজের নামে প্রতিষ্ঠান। এখন সেখানে ২০০টি মেয়ে করছে কাজ।


আনলকডাউন ফেজ-৫ কিছু আলাদা করতে পারেনি বিলকিসদের জন্য। বিক্রী একদম বন্ধ। মেলারও ডাক নেই। কিন্তু বিলকিস মেয়েদের কাজ চালু রাখতে বদ্ধপরিকর। নিজের জমানো টাকা দিয়ে স্টক করেছে থ্রি পিস,আর্টের জন্য থান,পালাজো সেট, দোপাট্টা। স্টিচের কাজ চালিয়ে যাচ্ছে মেয়েরা। সংসারটা তো বাঁচাতে হবে! সিল্কের টুকরো দিয়ে তাপ্পির চাদরের কাজও চলছে। মঞ্জুষায় সাপ্লাই দেয় বিলকিস প্রতিবার। এবারে অর্ডারের খবর নেই কোনো। প্রায় সাত মাস লকডাউনে ঘরে বসে একে একে করা মেয়েদের কাজ নিয়ে খুব গর্বিত বিলকিস। সুতো ডিজাইন সব নিজেই দিয়েছে। মেয়েরা থেমে নেই। ভাইরাস দেহে বাসা বাঁধার হুমকি দেয়। কিন্তু বিলকিসের মেয়েরা কাজের হাত চালিয়ে যাওয়ার সাহস দেখায়! লকডাউনের মধ্যে করা মেয়েদের প্রতিটি কাজের দাম অবিশ্বাস্যভাবে কম রেখেছে বিলকিস। ব্যবসা করা নয়। প্যাশন বাঁচিয়ে রাখা হয়ত একেই বলে!

বিলকিস শুধু এই দুশো মেয়ে নিয়ে আটকে পড়তে চায় না। স্বপ্ন একটি সেলাই স্কুল খোলা। অনেক বেশি মেয়েদের কাজ শেখানো ও তাদের আত্মনির্ভর করা। ঘরের এই লক্ষ্মী-দূর্গাদের সকলে চিনল কই!


সালার,মুর্শিদাবাদ

Tuesday, 3 November 2020

ব্যাগ নির্মাতা ডলি রায়ের লম ডাউনের দিন

 ব্যাগ নির্মাতা ডলি রায়ের লকডাউন যাপন

ভাইরাস মুক্ত পৃথিবী  নাগালে এসে যাবে! হয়ত অপেক্ষা আরও কিছুদিন। এক কঠিন আর্থিক পরিস্থিতির সঙ্গে লড়ছে মহিলা উদ্যোক্তারা। প্রায় যুদ্ধকালীন অবস্থার মোকাবিলায় নেমেছেন তারা। এন্ট্রেপ্রেনার দের সঙ্গে যুক্ত পরিবারগুলি  ধুঁকছে!৩৫  বছরের সমৃদ্ধ ব্যাগ প্রতিষ্ঠান ডলি ও দিলীপ রায়ের। দীর্ঘ নয় মাস ধরে কোনো অর্ডার নেই। কতদিন এভাবে চলবে কেউ জানেনা!  মুখ ধুবড়ে পড়েছে পরিকাঠামো। মনোবল হারিয়েছে ডলির মেয়েরা। 

বিয়ের পরেই স্বামীর  সংস্থা  সামলানোর দায়িত্ব এসে পড়ে ডলির উপর। একশোর বেশি মেয়েকে নিয়ে চলতে থাকে কাঁথা স্টিচের ব্যাগের কাজ। ভারতের সর্বত্র এই ব্যাগের চালান ছিল রমরমিয়ে। এখন প্রতিদিন মেয়েরা কাজ শুরু কবে জিজ্ঞাসায় কড়া নাড়ছে। ডলিও মানসিক ভাবে কিছুটা বিপর্যস্ত। উত্তর নেই কোনো কবে থেকে আসলে কাজ শুরু!

ঘরের প্রোডাক্ট বন্ধ অবস্থায় পড়ে। ডলিদির স্বামী একদা নিজের প্রোডাকশনের দেশব্যাপী মার্কেটিং করেছেন। তিনিও কিছুটা ক্লান্ত! অসহায় জিজ্ঞাসা কবে ঠিক হতে পারে অবস্থা! অর্ডার আবার কবে আসতে শুরু করবে!  ডলিদিও কার্যত হতাশ। ডলিদি জানায় ২০০০ সালে বন্যার সময় বস্তা বস্তা সিল্কের কাপড় ফেলতে হয়েছিল তবুও এমন পরিস্থিতি হয়নি।  লকডাউন একেবারে উদ্যোক্তাদের মেরুদন্ডে আঘাত। উঠে দাঁড়ানো দিনের পর দিন কঠিন হয়ে উঠছে।

রীতিমতো সম্ভ্রান্ত ব্যবসায়ীরাও মুখ আড়াল করছেন। সংকট এতটাই তীব্র। ডলিদির ব্যাগ অসাধারণ। খুব আকর্ষনীয়। মেয়েদের পরিশ্রম ও মনোযোগের স্পষ্ট ছাপ রয়েছে। ডলিদির কাছে প্রাথমিক কাজ শেষ করার পর তা স্বামীর কারখানায় পৌছায়। সেখানেও মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। ডলিদি নিজের অভিজ্ঞতা থেকে বলেন,"কটেজ ইন্ডাস্ট্রি  দেশের বড় ভবিষ্যৎ। মহিলা উদ্যোক্তা দের জন্য আলাদা করে ভাবনার দরকার আছে তো!"এটাও সত্য  ন্যাচারাল কালামিটি বা অন্যান্য দূর্যোগ  পরিস্থিতিতে  মহিলা উদ্যোক্তাদের জন্য আলাদা স্কিম থাকা দরকার। ফান্ড ড্রাই এর  মোকাবিলায় সরকার হাত না বাড়ালে মেয়েরা কোথায় দাঁড়াবে! সরকারি লোনের ক্ষেত্রেও তো সাড়ে বারো শতাংশ ইন্টারেস্ট প্রাথমিকভাবে গুনতে হয় মেয়েদের। ডলিদির কথার প্রতিফলন সরাসরি মেলে বাস্তব পরিস্থিতিতে। মহিলা-প্রতিষ্ঠিত স্টার্টআপস বা কোফাউন্ডার  মহিলাদের  স্টার্টআপসের পরিমাণ ভারতীয় স্টার্টআপ ইকোসিস্টেমের মোট বিনিয়োগের ৬ শতাংশেরও কম।

"vocal for local" সাপোর্ট করতে গেলেও ক্রয়ক্ষমতা চাই! কোভিডের কারণে ক্রেতাদের পছন্দ এখন এসেন্সিয়াল ও নন এসেন্সিয়াল দুই ভাগে ভাগ হয়ে গেছে। গ্লোবালি ৯৩% ক্রেতা মনে করছে ব্রান্ডের নন এসেন্সিয়াল স্টোর বন্ধ করা দরকার। ইতালী, স্পেনে তা অলরেডি হয়েছে।  ডলিদিদের সমস্যা দিন দিন জটিল হচ্ছে। লাক্সারি গুডসের  চাহিদা না থাকলে উৎপাদন কি করে হবে? উৎপাদন না হলে জুড়ে থাকা মহিলা কর্মীদের ঘর কী করে চলবে?

kandi,berhampore

Friday, 30 October 2020

অ্যাসিড আক্রান্ত মিলার লকডাউন যাপন

 ্মিলার লকডাউনের দিন

অসহায় বাবা  গাজন শেখ ফোনে কাঁদতে কাঁদতে জানালেন 'মিলা বাড়ি ছেড়ে চলে গেল।'  যে নিয়ে পালাল সেই  ছেলেই  মিলাকে গত বছর অ্যাসিড ছুড়েছিল। আপাতত মিলা সেই  ছেলের  বাড়িতেই। মিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের উদ্ধার করে। পরে  মিলা  ছাড়াও  পায়। যদিও ছেলে জামিন পায় না। মিলা তখন দশম শ্রেণি। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় জানালা দিয়ে অ্যাসিড ছোঁড়া হয় মিলার মুখে। একবছর ধরে নিজে সেরে ওঠার যাবতীয় লড়াই এর পর পরিবারে মুখে হাসি ফোটে। লকডাউনের মধ্যেই মিলার নানা অসুস্থ হয়। তাকে দেখতে যাওয়ার দিনই ভোরবেলা মিলা গায়েব।


 ভাবতে অবাক লাগে এদেশে একদা সোনার আংটি বাঁকা হলেও দামি  ছিল শুধু তা নয়! অ্যাসিডে  আবার  বদমাস মেয়েরাই আক্রান্ত হয়। । কাকতালীয় ভাবে চলে যাওয়ার  দিনই মিলা আঠারো বছরের প্রাপ্তবয়স্ক  হয়।  বাবার চায়ের দোকান। লকডাউনে বন্ধ দীর্ঘদিন। ঘরে অভাব। দুই শিবির। মেয়ের পরিবার নিরক্ষর,একা। অন্যদিকে ছেলের পক্ষে সবাই। পিতৃতান্ত্রিক সমাজ ছেলের অ্যাসিড মারার অপরাধকেও তুচ্ছ জ্ঞান করে! অপরাধী আর প্রেমিকের মধ্যে ফারাক কজনই বা করতে পারে? দেখার দৃষ্টিটাই তো গড়তে দেওয়া হয় না। এই ছেলেটি প্রথমে স্টকার ছিল। মিলাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল।পরিবার রাজি না হওয়ায় আক্রমণ। আমাদের দেশে এখনও  প্রতিদিন পেছনে আসা,দীর্ঘদিন ফলো করা ছেলেটিকে প্রেমিক বলেই ধরা হয়। এবং একদিন  এক স্টকারের সঙ্গেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে! রোমান্সের এইরকম সফট চার্মেই ভুক্তভোগীরও এই  বিশ্বাস গড়ে দেওয়া হয়  যে স্বামীর আসিড ছোঁড়া হাত সংসারে পড়লে আদরের হয়ে উঠবে।

মিলার উপর ঠিক কি ধরণের চাপ এসেছিল তা এখনই হয়ত জানা গেল না! কিন্তু মিলার সঙ্গে এমপ্যাথি থাক আমাদের। এমপাওয়ারমেন্টের এও এক বড় শর্ত। মিলার জীবনের সবচেয়ে বড় ঘাতকের   হাত থেকে মিলাকে বাঁচানো গেল না। সামাজিক অপমান,পারিবারিক অভিমান?  কী সেই ভাবনা মিলাকে ঘাতকের সাহচর্যে নিয়ে গেল এবং জুড়ে দিল তা  আড়ালেই থাকল। এরপরেও কনসেন্ট, ডিসিশন মেকিং এর ক্ষমতা যদি এই জীবন গড়ে দিতে পারে! অপেক্ষা সেদিনের!এভাবেই আসিডে পুড়ে যাওয়া মেয়েগুলো খবরের শিরোণাম থেকে হারিয়ে যায়! এদের লড়াই ধীরে ধীরে পারিবারিক লক্ষণরেখায় আটকে পড়ে। মিলা হাসিমুখে  ফিরবে একদিন  সেই বৃত্তে ইতি টেনে। আশা জাগে মনে।

ভরতপুর,মূর্শিদাবাদ

  


Sunday, 11 October 2020

 বাউল শিল্পী আশালতার লকডাউনের দিন

দীর্ঘ ছয়মাস অপেক্ষা। তারপর লোকশিল্পীদের মুখে হাসি ফুটল। বাউল শিল্পী আশালতা অবশেষে বরাত পেল   প্রোগ্রামের। পর পর তিনটি। এতদিন মাসে মাসে শিল্পীভাতার হাজার টাকা জমা পড়ছিল। কিন্তু  মনে শান্তি ছিল না। ঘরে বন্ধ থাকতে থাকতে  অস্থির হচ্ছিল মন। অন্যদিকে  সামাজিক দূরত্বের কারণে দলের রেওয়াজও ছিল বন্ধ। আনলক-৫ ভাগ্যের  তালা খুলেছে আশালতার। পুজার আগেই তিনটি অনুষ্ঠানের তিন হাজার টাকা এসেছে। আশালতার  আনন্দের শেষ নেই।

লকডাউনের পর থেকেই মনমরা ছিল আশালতা। বাতিল হয়েছিল নিজেদের সাত জনের  দলের প্রোগ্রামও । অন্যদিকে সরকারি অনুষ্ঠানও ছিল বন্ধ। সব মিলিয়ে খুব কষ্টের যাপন ছিল আশালতার। স্বামী রাজমিস্ত্রীর কাজ করত। সেও বেকার বাড়িতে বসে। পারিবারিক অভাবকে ছাড়িয়ে গিয়েছিল গান না গাইতে পারার কষ্ট। নিজের বলতে আশালতার এই বাউলগানটাই। আছে দুই ছেলে ও এক মেয়ে। সবাই স্কুলে পড়ে। কিন্তু  স্কুলও বন্ধ। পারিবারিক চাপও  ছিল আশালতার মাথার উপর। আপাতত সেসবে একটুখানি ছেদ পড়ল।



শেষমেশ আশা সব কাটিয়ে কাজে ফিরল। সূযোগও সামনে এসে গেল। পথশ্রীর জন্য,কৃষি বিলের প্রতিবাদে গান বাঁধল আশারা। সামনে দিকে চোখ সাজিয়ে এখন  আগামীর অপেক্ষা।

গনকর,মুর্শিদাবাদ

Sunday, 27 September 2020

প্রতিমা শিলপী অনামিকা,দিপালী,ছবির লকডাউনের দিন

প্রতিমা শিলপী অনামিকা,দিপালী,ছবির লকডাউন যাপন 

পুজো চলে এসেছে। কিন্তু প্রতিমাশিল্পীদের সকলেরই আগের মত হাতে কাজ নেই। গতবারই ছিল আঠেরোটি পুজার বায়না। এবারে মাত্র ছয়টি। তাও আবার আগেরবছরের তুলনায় অর্ধেকের কম বায়না। অনামিকা পটুয়া, দিপালী ও ছবি পটুয়ায় মন তাই স্বভাবতই খারাপ। স্বামীরা ঘুরে ঘুরে এর বেশি বায়না জোগাড় করতে পারেনি। আবার প্রতি বছর কয়েকটি পটুয়া ও ঘোষ ঘর মিলে নিজেদের দুর্গাপুজা হয়। সেটাও বন্ধ। দুর্গাপুজার বায়না সেরকম না মেলায় নিজেদের পুজাটারও বাজেট জোগাড় করা যায় নি। প্রায় ১২ বছরের বেশিদিন ধরে চিত্রকরদের নিজেস্ব পাড়ার দুর্গাপুজা তাই বন্ধ। মনমরা বাতাবরণ মুর্শিদাবাদ গনকর চিত্রকর পাড়ায়।


প্রতিবছরের ব্যস্ত সময়ে এবারে যোগ হয়েছে অন্য শুন্যতা। অনামিকাদের আবার কাজে বাধ সেধেছে রাস্তা। খারাপ রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া কঠিন। সে ভেবেও হয়ত কেউ কেউ আসে নি ঠাকুরের অর্ডার নিতে। এমনটা দিপালীদেরও মনে হচ্ছে। প্রতিমা তৈরির ঘরানায় বাড়ির সকলে যুক্ত। দিপালী পটুয়ার মেয়ে পিয়ালী উচ্চমাধ্যমিক পাশ করেছে। মা -মেয়ে মিলে বারো দিনেই একটা ঠাকুর করে ফেলে। আট থেকে বারো হাজার টাকা ঠাকুরপিছু পায়। কাজ শেষে আড়াই থেকে চার হাজার টাকা নিজেদের থাকে। সারাবছরে দুর্গাপুজার সময় বড় উপার্জন সেটাও এবারে হল না। প্রতিমা তৈরি একমাত্র জীবিকা দীপালিদের। সেখানেও বড্ড মুশকিলের মুখোমুখি এবারে। তবুও কাজ চলছে সেই আগের উৎসাহ নিয়েই। মুখে হাসি অমলিন মহিলা পটুয়াশিল্পীদের।

গণকর,রঘুনাথগঞ্জ,মুর্শিদাবাদ

Thursday, 17 September 2020

মিড ডে মিল রাঁধুনির লকডাউন যাপন

 মিড ডে মিল রাঁধুনিপুষ্পর লকডাউনের দিন

পুষ্পরানি এক নক্ষত্রের নাম হতে পারত। কিন্তু আসলে এক  মায়ের নাম। এক সৎ ও  নিষ্ঠাবান শ্রমজীবীর নাম।  স্কুলের মুখ দেখা হয়নি! পড়াশুনা শেখা হয়নি। তাতে কি!  ছেলে এম টেক করেছে। মেয়ে এম এ পাশ করে বিএড করেছে। দুজনেই চাকরির অপেক্ষায়। লকডাউনের দিনে ছেলের চাকরি নিয়ে উদ্বিগ্ন। রান্নার গ্রুপের সঙ্গে যুক্ত। সেটাও বন্ধ। তবু মিড ডে মিলের দিনগুলিতে হাজিরার ব্যস্ততা আছে। বাড়ি বাড়ি রান্নার কাজ চলছে।

প্রথমে বিড়ি বাঁধা দিয়ে উপার্জন শুরু। তারপর পরিচারিকার কাজ।  দুটি বাড়িতে  রান্নার কাজ। মিড ডে মিলের রান্নার  কাজে যোগ দেওয়া।  সংসার চালাতে অর্থের জন্য হন্যে হয়ে ঘুরে ঘুরে পুষ্প জোগাড় করেছে কাজ।

উত্তরণের  গল্পগুলো কেমন যেন মেঘে ঢাকা তারার মত ভেসে ওঠার অপেক্ষায়। মুর্শিদাবাদের পুষ্পরানি হালদার  সত্যিই ওম্যানফোকের রানি। অনেক আদর আর ভালোবাসায় এই রানির আঁচল ফুলে ফুলে ভরে দেওয়ার কথা। মুখে আটকানো বাড়ির মোটা কাপড় ছেঁড়া। দুই প্রান্ত দুই দিকে  সুতো দিয়ে বেঁধে হয়েছে মাস্ক। হাতে প্রায় অকেজো এক  মোবাইল। একটা বাটন বার তিনেক ঘাটলে পরে সাড়া দেয়। তাতেই নাম্বার খুঁজে   ডায়াল করে পুষ্প। নিজের নাম্বার তো জানেই না। চোখে - মুখে একটা অসহায়তার ছাপ এসেও যেন মিলিয়ে যায়!  লড়াই এ টিঁকে থাকার এক নিরীহ দম্ভ  ফুটে ওঠে ছেলে -মেয়ের কথায়। স্বামী ঠোঙা  তৈরি করত। পাশে নেই ছয় বছরের বেশি। পুষ্পকে এই দূর্দিনও ভেঙে দিতে পারেনি। দুই সন্তানকে  সামনের দিকে এগিয়ে দিতে  নিজেকে উজাড় করে দিয়েছে।

নিজের শ্রম আর খেটে খাওয়ার ক্ষমতাটুকুও জীবনের বড় সম্পদ। আর্থিক  ও সামাজিক প্রতিকূলতাকে পরাস্ত করে দিশা খুঁজে বের করতে  পুষ্প এক বড় উদাহরণ। প্রাতিষ্ঠানিক শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়ে পরের প্রজন্মকে শিক্ষাঙ্গন থেকেই  প্রতিষ্ঠিত করার সংকল্প নেওয়া বড় কঠিন কাজ। সমাজের  প্রথম সারির অনেক মানুষের সঙ্গে তাই  পুষ্পর নাম উচ্চারণ হওয়ার কথা! জীবিকার সন্ধানে হয়ে ওঠা এক  মেইড সারভ্যান্ট  ও কুকের ছেলে এম টেক করে, মেয়ে এম এ পাশ করে তখন সমাজকে আরেক বার  এই হ্যাভস নট দের দিকে ফিরে দেখতে হয়! এক মহিলার স্বপ্ন দেখার স্পর্ধাকে কুর্নিশ করতে হয়!

জঙ্গীপুর,মুর্শিদাবাদ

Friday, 11 September 2020

রুপার লকডাউন যাপন

 রুপার লকডাউনের দিন

রূপা বর্ধন পালের কাজটা চলে গেল। লকডাউনের মধ্যেই বলে দিল -আর আসতে হবে না। একটি ডাক্তারের চেম্বারে নাম লেখার কাজ করতে রুপা। সারা ভারতেই অসংগঠিত শ্রমিকের কপালে যে দূর্ভোগ লেখা ছিল লকডাউনে  তা থেকে রেহাই পেল না রূপাও। অনেক অনুরোধের পরও থাকল না চাকরি। এক মাসের বাড়তি টাকা হাতে গুঁজে দিয়ে কাজ থেকে অব্যাহতি দেওয়া হল। এই লকডাউনে যে নিপাট বেকার থেকে কাটাতে হবে তা জানানোর  পরও মালিকের মন গলানো গেল না।  রূপা বেকার হয়ে গেল। পাঁচ হাজার টাকার চাকরিই ছিল বাবা হারা পরিবারে  রূপারএকমাত্র মেয়ের সম্বল। রূপার জীবন যুদ্ধের গল্পের মত।


মাত্র ৩০ বছর বয়স। সদ্য স্বামী  মারা গেছে। ছিল  চায়ের দোকান । যৌথ সংসার। এখন সেখানে দেওরের  মালিকানা।  মাধ্যমিক পাশ। কম্পিউটার কোর্সে  ডিপ্লোমা আছে। রুপা মাত্র ৩ বছর বয়সে পোলিও আক্রান্ত হয় ।এখনো লাঠি হাতেই হাঁটে। নিজে প্রচণ্ড লড়াই করে পড়াশুনা করেছে। বেলেঘাটায় ৬ মাস করে ট্রিটমেন্ট চলেছে। তারপর ফিরে এসে চালিয়েছে পরীক্ষা ও পড়া। রুপা নিজে খুব ঘরোয়া। নিজের শারীরিক চ্যালেঞ্জ কে হার মানিয়ে  স্বামীকে নিয়ে গেল ব্যাঙ্গালোর। স্বামী ছাড়া কেউ নেই। তাই নিজে বন্ধন  থেকে লোন নিয়ে স্বামীর চিকিৎসায় পাড়ি দিয়েছিল। কিন্তু বাঁচল না স্বামী। স্বামীর চায়ের দোকানেও বসতে  রাজি ছিল সে কিন্তু শ্বশুরবাড়িতে আপত্তি থাকায় সেটাও হল না। 

অনেক জায়গায় কাজের সন্ধান করে ক্লান্ত হয়ে ফিরছে রূপা। কিন্তু লকডাউনে কাজ মেলা প্রায় অসম্ভব। এখন অপেক্ষা শুধু স্বাভাবিক অবস্থায় ফেরার।

বহরমপুর ,মুর্শিদাবাদ  


Saturday, 13 June 2020

ডোমেস্টিক ওয়ার্কার ললিতার লকডাউন যাপন

 ললিতার লকডাউনের দিন

লকডাউন মানুষকে হাতে হাত মিলিয়ে বাঁচতে শিখিয়েছিল। কিন্তু এই সহমর্মিতার গল্পের পাশে কিছু কান্না লুকিয়ে ছিল। ললিতার মেয়ে টিউশনির পয়সা দিতে পারেনি। তাই লকডাউনে সেই পরিবারে বাসন মেজে ঋণ পরিশোধ করতে হয়েছিল ললিতা মন্ডলকে।


অভাবের সংসার বরাবর ললিতার ছিল না। স্বামীর অসুস্থতায় পরিবারে নেমে আসে দূর্ভোগ। কাজ খুঁজতে বেরিয়ে পড়ে ললিতা। বাধ সাধে লকডাউন। দুই মাস পর আবার কাজে নামে  ললিতা। অনেক কষ্টে মাসে মাত্র হাজার টাকা উপার্জন হয়। তাও নিশ্চিত নয় প্রতিমাসের জন্য। মাঝপথে কাজ ছাড়িয়ে দিলে টাকা মেলে না দিন হিসেবে।  শ্রমের মর্যাদা নিয়ে গলা ফাটানো এই  সমাজ কিন্তু এদের অধিকারটা বুঝিয়ে দিতে ও কড়ায় গন্ডায় মিটিতে দিতে অপরাগ। কোবিড বিপ্লবে মাস মাইনে না পেয়ে কেঁদে ফিরল রাস্তায় অগণিত মেইড সারভেন্ট। 

বিশ্বজুড়ে একই চিত্র। ইথিওপিয়া থেকে কাজে যাওয়া  ৩৭ জন মহিলা ডোমেস্টিক ওয়ার্কারকে লেবাননের রাজধানীতে রাস্তায় নামিয়ে দেওয়া হল কিছুদিন আগেই। তাদের দেওয়া হল না কাজের পয়সা। ফিরিয়ে  দেওয়া হল না  তাদের পাসপোর্ট।  এমন কি ছুরি দিয়ে ভয় দেখানো হল দেশে ফেরার আবদারে। রাস্তায় আশ্রয় নেওয়া  মহিলার কথা জানাজানি হতেই লেবাননের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে, এই মেইড দের ঘরে রাখার দায়িত্ব নিয়োগকারীদের। লেবাননে  কাফালা নামের  এক সিস্টেমের  মধ্যে দিয়ে এদের নিয়োগ করার ফলে ডোমেস্টিক ওয়ার্কারদের ভিসা নিয়োগকারীর সঙ্গে যুক্ত থাকে। তাই ওদের ঘরে ফেরাটা মালিকের মর্জির উপর নির্ভর করে। ওদিকে নিজের দেশ ইথিওপিয়াও এদের ফিরিয়ে নিচ্ছে না। এয়ার টিকিট শুধু ডলারে নেওয়া হয় ইথিওপিয়ায়। লেবাননে আর্থিক  সংকটের কারনে ডলার আক্সেস করা সম্ভব হচ্ছে না। দুই দেশের নিয়ম ও ব্যবস্থার ফাঁসে আটকে আছে এতজন ডোমেস্টিক স্টাফের ভাগ্য। দেশে ও দেশের বাইরে কাজের মেয়েরা এভাবেই  গভীর সমস্যায় জর্জরিত হচ্ছে। কাজ করেও  অপমান ও অনিশ্চয়তার  জীবন কাটাতে বাধ্য হচ্ছে ললিতারা।

মুকুন্দবাগ,মুর্শিদাবাদ 

Thursday, 4 June 2020

টুনটুনি ও বেলী মেহুলির কোভিডকাল যাপন

টুনটুনি ও বেলীর লকডাউন যাপন

টুনটুনি মেহুলি বছর তিরিশের মহিলা। সোজা হয়ে দাঁড়াতে পারেনা। তবু জীবন থেমে নেই। ঘর দেখলে বিশ্বাস করা কঠিন যে, এটি মানুষের বাসস্থান। লকডাউনে কেমন অবস্থা জিজ্ঞাসা করতেই ঝড়ের বদলে বৃষ্টি নেমে এল। অভিযোগ নয়। হতাশাও নয়। হয়ত অভিমান। কেউ আগে বুঝি কেমন আছ? একথাটিও ভুলে জিজ্ঞাসা করেনি! রোগের চিকিৎসা হয়। বিজ্ঞান তাই জানান দেয়। কিন্তু যাদের হয়না তাদের কি হয়? একথা বই এর সিলেবাসে লেখা থাকে না। শুধু দেখে যেতে হয় । এবং ভুলে যেতে  বা এড়িয়ে যেতে হয়।চোখ ফিরিয়ে নেওয়ার শিক্ষা সিলেবাস না দিলেও সমাজ দেয়! তাই হয়ত টুনটুনিরা বিজ্ঞান আর প্রযুক্তির জয়গান গাওয়ার সুযোগ পায় না। সামনে সুসভ্য শিক্ষিত মানুষ দেখলে ডুকরে কেঁদে ওঠে! আসলে এই  লজ্জা কার এটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন! লকডাউনে  একবেলা আলু সেদ্ধ ।পরদিন একবেলা ভাত জোটে। একবেলা খাবার পাওয়াটাই জীবনের পরম পাওয়া আপাতত। 

বেলী মেহুলির হাতে সমস্যা। আঠাশ বছরের বেলী কাজ করতে পারে না ডান হাতে। একেই মহিলা। তারপরেও হাতের সমস্যা। কাজের হাত ! সব বর্গের সব মানুষের ভিড়ে এইটি বড় সত্য যে, মহিলার হাতটি সচল না হলে তার জীবনে নিশ্চিত বিপর্যয়। গঞ্জনার জীবন বেলীর। সবার মত মাঠে খাটার সুযোগ তার নেই। বাড়িতে অভাবে তাই মুখ ফুটে কিছু বলার ক্ষমতাও নেই। দিনে শুটকি মাছ আর ভাত। রাতে শুধুই আলু সেদ্ধ জুটেছে।    



জীবন আগেই সীমাবদ্ধতায় ভরিয়ে দিয়েছে। এখন পরিবারে এক কোনায় পড়ে থাকা ছাড়া উপায় নেই। লকডাউন সকলের জীবনে নতুন হলেও টুনটুনি ও বেলীর খুব চেনা এই পরিস্থিতি। ঘরে বসেই কাজ করা। বাইরে যাওয়ার দিনটাই আসেনি। তবু লকডাউনে পরিবারের চাপ এসে পড়েছে। বসে খাওয়ার খোঁটা এসে পড়েছে। তাই অপেক্ষা সব স্বাভাবিক হয়ে ওঠার। মাঠের কাজ শুরু হলে পয়সা তো কিছুটা আসবে হাতে! বেলী বলে, রান্নাঘরে তো এখন শুধুই জলটুকুই পড়ে থাকে! এটাই ক্ষিদে মেটানোর বড় সহায়!   

শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করে  টুনটুনি ও বেলী ক্লান্ত। শিক্ষাগত যোগ্যতা নেই। তাই উজ্জ্বল কোনও দিনের স্বপ্ন দেখাও নেই। তবু আক্ষেপ লকডাউন না থাকলে সংসারের হাল কিছুটা তো ভালো থাকত! 

নবগ্রাম,মুর্শিদাবাদ 

Tuesday, 2 June 2020

মালতী মুর্মুর কোভিডকাল যাপন

মালতীর লকডাউনের দিন

বছর চল্লিশের মালতী। স্বামী সুই মুর্মু মাঠে খাটে। লকডাউনে মাঠের কাজ বন্ধ। ঘরে বসেই দিন কাটছে।মালতীও মাঠে কাজ করে। কিন্তু পয়সা রাখতে পারেনা। স্বামী পয়সা নিয়ে চলে যায় কখন টের পায় না। চাষের মাঠ থেকে দুজনে মিলে যেটুকু ধান পায় তা কেনা-বেচা করেই চলে বছর। এবারে হঠাৎ লকডাউন গুলিয়ে দিয়েছে মালতীদের জীবন। প্রতিদিনের খাওয়া কোনোদিনই নিশ্চিত ছিল না। তবু চলে যেত ভাত-রুটি বদল করে দিন। এবারে সমস্যা ঘরে বসা স্বামীকে নিয়ে। কাজ না থাকলেও নানারকম চাহিদা ও নেশা আছে। তাতে পয়সা লাগে। সেটা না পেলেই বাড়িতে অশান্তি বাড়ছে। এতদিন মাঠে কাজ করে এসেই বাড়ির পুরষ শান্ত থাকত। কাজ না থাকলেও অন্য ব্যস্ততা থাকত। লকডাউনে বেড়েছে অত্যাচার। কাজ নেই কিন্তু অনান্য চাহিদা বেড়েছে।

মালতীদের জীবনে শিক্ষার কোনও জায়গা নেই। বড় হয়েছে অভাবের পরিবারে। বিদ্যালয়ের মুখ দেখা হয়নি। বিয়েটাই বেঁচে থাকার একমাত্র লক্ষ্য বলে জানা ছিল। এটাই ছিল পারিবারিক দায়। তাই বিয়ে একদিন হয়েই গিয়েছিল। কিন্তু জীবনে ভালো কিছু পাওয়ার গ্যারান্টি ছিল না। জন্মস্থলে ও সংসারে অবস্থার কোনও বদল হয়নি। দারিদ্র ছিল জীবনের সবচেয়ে বড় কাছের বন্ধু। মালতী নিজেও জানে সে অপুষ্টির শিকার। ডাক্তার ওষুধ লিখে দিলেও কেনার ক্ষমতা নেই। তাই এভাবেই চলছে দিন। এর মধ্যেই এসে পড়েছে লকডাউনের অভিশাপ।


 

মালতীর লকডাউনের সময় রাতে শুধু শুটকি মাছ আর লবন। দিনে ভাত সেদ্ধ। ঘরে চা পাতা আছে পড়ে সামান্য। চিনি নেই। বিস্কুটও নেই। এদিকে  ইনকাম ও বন্ধ। পাশের বাড়ির সঙ্গে ধান-চাল বিনিময় করে আর কতদিন! ফুরিয়ে আসছে ঘরের জিনিষ একে একে। মালতীদের দিন বড় আবার রাতও  পাল্লা দিয়ে বড় হচ্ছে! এখন সকালের অপেক্ষা। কিন্তু ভোরের আলোতেও সেই এক অন্ধকার! ভাগ্যে লকডাউন জীবনভর। 


নবগ্রাম,মুর্শিদাবাদ 

           


Monday, 1 June 2020

জুলিয়ানা হাঁসদার কোভিডকাল যাপন

 জুলিয়ানার লকডাউনের দিন

সভ্যতা মানুষকে শিক্ষিত করে। জীবনের জন্য প্রয়োজনের সব উন্নত কিছুর হদিস দেয়। পদে পদে অমসৃনতার  সামনে পড়া সীমাবদ্ধতাকে জয় করতে শেখায়। কিন্তু সেই সুসজ্জিত সভ্যতার এক কোনায় যখন অন্ধকারের যাপন নজরে আসে তখন থমকে যেতে হয়। পিছুটান হাতছানি দেয়। এই অসহায় মুখগুলিকে আলোর সামনে এসে মুখোমুখি দাঁড় না করতে পারার জন্য অনুশোচনা হয়। এই যন্ত্রণা নিয়ে  আর যাই হোক নিজেকে সুসভ্যতার অংশীদার বলে দাবী করা যায়না। চিকিৎসা ও প্রযুক্তির শিখরে থাকা দেশের কোনও প্রান্তের মানুষ যখন সেই সুযোগ থেকে বঞ্চিত হয় এবং অসুখের সঙ্গেই বাস করাকেই ভবিতব্য মনে করে তখন বিজ্ঞানও লজ্জায় মুখ লুকায়। জুলিয়ানা হাঁসদার লকডাউনের দিন সেই প্রশ্নের উত্তর খুঁজে ক্লান্ত হয়। বেঁচে থাকার অধিকার তো মানুষের মৌলিক অধিকার। খাওয়া ও চিকিৎসার অধিকার তো এর মধ্যেই পড়ে! কিন্তু একাংশ তা থেকে বঞ্চিত কেন হবে! জুলিয়ানাসহ দুই বাচ্চাকে দেখে মনে হল এ যেন আফ্রিকার কোনও অঞ্চলের বুভুক্ষ মানুষের ছবি। যেমন গুগুলে সার্চ করে পাওয়া যায়! অপুষ্টি,বিকলাঙ্গ অসহায় এই বাচ্চা দুটিও এই দেশের ভবিষ্যৎ। তবু নিউ ইন্ডিয়ার সাইনিং এদের মুখে পড়তে ভয় পায়!   

জুলিয়ানার দুই ছেলে। একটির ছয় ও অন্যটির দুই। দুটি বাচ্চাই ফিজিক্যালি চ্যালেঞ্জ। ডাক্তার বলেছে দুইজনের সার্জারি করতে হবে। পয়সা নেই। কোনও উপায় না দেখে জুলিয়ানা ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে পালিয়ে আসে। তারপর ছেলে ভর্তি হয় ক্লাস ওয়ান এ। সেখানে সে বুলিং এর শিকার । এই পোড়া দেশে অসুখের নামেও ফান হয়। সহানুভূতির বদলে ল্যাংড়া বলে ডাকা হয়। ছেলে কদিন বিদ্যালয়ে যেতে পারবে জানেনা জুলিয়ানা! শুধু জুলিয়ানার বিশ্বাস ভগবান তাদের সঙ্গে খারাপ কিছু করবে না। ছেলেদের ভগবান বাঁচিয়ে রাখবে। এভাবেই জরুরি চিকিৎসা ছাড়া বেঁচে আছে বাচ্চা দুটো। ভারতবর্ষের ভগবান কতদিন এদের বাঁচাবে কে জানে! 

স্বামী মাইগ্রান্ট লেবার। লকডাউনে ফিরেছে খালি হাতে। তাই অন্য অভিশাপ জুলিয়ানার জীবনে নেমে এসেছে। হাঁড়িতে চাল আছে। রেশনে পাওয়া। আর লবন আছে। সব্জি বলতে এটাই। শুনেছে আলু পাবে। হাতে আসেনি। পেলে সেটা বাজারে বিক্রী করে মশলা কিনবে। ভরসার শাক মাঠে পড়ে। ইচ্ছে করে না জুলিয়ানার তুলে আনতে! শুধু ভাতও কদিন পাবে জানেনা। স্বামীর কাজ নেই। জুলিয়ানা নিজে পড়াশুনা করেনি। অভাবের সংসারে বিয়েটাই বেঁচে থাকার একমাত্র সম্বল ছিল।সেটাই করে দিয়েছিল বাপ-মায়ে। ছেলেদের শিক্ষিত করার বড় স্বাদ! কিন্তু বাঁচাতে পারলে তো! কোবিড নিয়ে জুলিয়ানা কিছু জানেনা। কোভিডে মানুষ মরে! কিন্তু ওরা বেঁচেই বা কবে ছিল। অভাবেই জন্ম অভাবেই শেষ। মাঝে শুধু একটা বিয়ে ও দুইটি বাচ্চা। এইরকম একাধিক জুলিয়ানা ভুগছে প্রতিদিনের অসুখে। পরের প্রজন্মকেও দিয়ে যাচ্ছে দারিদ্রের উত্তরাধিকার! যুগ যুগ ধরে জুলিয়ানাদের ললাট লিখন কি বদলাবে? এদের কপালে লকডাউন লেখা আজীবন। খোলার সাধ্য  জুলিয়ানার বিশ্বাসের  কোন দেবতার! কে জানে!        

 নবগ্রাম,মুর্শিদাবাদ

   



Sunday, 31 May 2020

অভিবাসী শ্রমিক রিম্পার তালাবন্দি জীবন

রিম্পার লকডাউন যাপন

অভিবাসী শ্রমিক রিম্পা লুধিয়ানা থেকে গ্রামে ফিরে বাচ্চাদের কাছে পৌঁছাতে পারল না। ১৪ দিনের  হোম কোয়ারান্টাইন। ইদেও বাচ্চাদের একটিবার ছুঁয়েও দেখা হল না। বছরের শুরুতে  গিয়েছিল কাজে পাঞ্জাবে। কারখানায় প্যাকেটিং এর কাজ করত। সংসারের অভাব দূর করতে নিজের দুই বাচ্চাকে মায়ের হাতে তুলে দিয়ে পাড়ি দিয়েছিল পাঞ্জাব। মাত্র নয় ও দশ বছরের বাচ্চা দুটোকে গ্রামেই ফেলে যেতে
হয়েছিল পয়সার খোঁজে।


নবম শ্রেনি পাশ রিম্পার বিয়ে হয়ে যায় কম বয়সে। রিম্পার আব্বা দিনমজুর। মেয়ের পড়াশুনা টানার চেয়ে সংসারে থালা কমানো জরুরি ছিল। রিম্পাকে তাই নিজের বাড়ি ছেড়ে চলে আসতে হয় বিয়ে করে। কিন্তু অভাব পিছু ছাড়ে না। স্বামীর ঘর করতে গিয়েও সেই অভাবের সঙ্গে লড়াই জারি থাকে। ছেলেরা একটু বড় হতেই রিম্পা বুঝে যায় এভাবে চলবে না। কিছু একটা উপায় বের করতেই হবে। গ্রামে পয়সা উপার্জনের কোনোও রাস্তা সে খুঁজে পায়না। অবশেষে বিদেশে শ্রমিকের কাজে যোগদানের কথা ভাবে। গ্রামের অনান্য অভিবাসী শ্রমিকদের সঙ্গে দল বাঁধে।

লুধিয়ানায়  দুই হাজার টাকা দিয়ে  ঘর ভাড়া নেয়৷ লকডাউনের সময় ফিরতে চাইলে পুরো বাড়ি ভাড়া মিটিয়ে দিতে বলে মালিক। রিম্পাদের কাছে টাকা না থাকায় তাদের ঘরটাও রেখে আসতে হয়েছে। এখন এদের অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ এর মত। গ্রামে কাজ নেই। যেখানে কাজ সেখানে ফেরার কি উপায় জানা নেই। ফেরার পর কাজটা ফিরে পাবে কিনা জানেনা।

মাত্র ২০০ টাকার মজুরীতে কাজ করে রিম্পা। ২০২০ সালের এপ্রিল মাস থেকে অদক্ষ শ্রমিকের ন্যূনতম  মজুরীর  স্ল্যাব অনুযায়ী শিল্প শ্রমিক পাবে ৫২৩টাকা - ৪৩৭টাকা -৩৫০  টাকা।  কিন্তু বাধ্যতামূলক  ন্যাশন্যাল ওয়েজ ফ্লোরের পথ না ধরায় আঞ্চলিক বৈষম্য থেকে গেছে। রিম্পারা তারই শিকার। অন্যদিকে মজুরীরতে লিঙ্গ বৈষম্যের দিক তো প্রবল ভাবে আছে। যে কাজে রিম্পা দুশো টাকা সেই কাজেই একজন পুরুষ পাচ্ছে  তিনশো থেকে সাড়ে তিনশো টাকা। রিম্পার স্বামীও দিনমজুর। তার কাজের দিনে  আয় হয় পাঁচশো। আসলে ন্যূনতম মজুরী নির্ধারণের জন্য আই এল ও থেকে  পাওয়া গাইডলাইন মানা হয় না। কর্মাচারী ও উদ্যোগপতিদের মধ্যে বৈধ প্রয়োজনের ভিত্তিতেই সমতা আনা সম্ভব। সেই নিরিখে কালেক্টিভ বারগেইনিং বা সামাজিক কথোপকথন হয় না বললেই চলে। উদ্যোগপতিদের সুবিধা বেশি করে দেখা হয়।

2018 এর আই এল ও এর  প্রতিবেদনে ভারত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২২ টি দেশের মধ্যে বেতন সন্তুষ্টিতে তলার দিক  থেকে চতুর্থ স্থানে রয়েছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান এবং মঙ্গোলিয়ার উপরে।

লকডাউনের সময় মজুরি পাওয়ার ক্ষেত্রে রিম্পাদের বাড়তি সুবিধা নেই। আগাম টাকা দিয়ে দেওয়ার প্রস্তাবও নেই। এই পরিস্থিতিতে নিজেদের ও পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য যে কাজের দরকার সেটাও হাতে নেই। অভাবে দুচোখ অন্ধকার দেখা ছাড়া আর হাহাকার করা ছাড়া রিম্পাদের কিচ্ছু করার নেই।

গোবড়গাড়া,হরিহরপাড়া,মুর্শিদাবাদ

Saturday, 30 May 2020

কারখানা শ্রমিক নূরের তালাবন্দির দিন

নূর খাতুনের লকডাউন যাপন

"কাজ ঢুড়ে পাইনিখো! তাই ঘর ছেড়ে ম্যাশিনের কাজে বিদ্যাশ যাওয়া।" কারখানার কাজে নিযুক্ত নূর খাতুন একদম পেটের দায়ে পাঞ্জাব পাড়ি দিয়েছিলেন। প্রায় নয় বছর ধরে কাজ করছেন। লকডাউনে নানা ঝামেলা অতিক্রম করে ঘরে ফিরেছেন। সমস্যা হল নূর নিজের বয়সটাও সঠিক জানেন না। আবার সাবলীল ভাবে বলে, "কিছুই বুঝতুক না তখন বিহা। বাপ কে কাজ করতে য্যাতে দেখিনি। ভাইরা মাঠে ঘাটে খাটতক। ওয়্যাই লেগে স্কুলে যায়নি। পড়ায়নিখো।"

উনি আসলে একজন শ্রমিক সেটাও বোঝেন না সেভাবে। তাই শ্রমিকের অধিকার নিয়ে তার কিছুই জানা নেই। সকাল আটটায় দু হাজার টাকার ভাড়া ঘর থেকে ফ্যাক্টরি যেতেন । ফিরে আসেন রাত আটটায়। এত ঘন্টা ধরে মেশিনে মাল তুলতে সহায়তা করে তারপর প্যাকেটিং এর কাজ করতেন। রবিবারেও কাজ চলে। "শুধু কাজে ঢিল পড়লে ছুটি"। নূর বলে, "দুইডা টেশিন। একডা সামনে। একডা পিছনে। একডাতে নাট বল্টু চড়াতু। তারপর আর এক জাগায় এর এক টেশিনে ট্রেসিং করতু। তাপর গনতি করতু। তারপর প্যাকেট বানাতু।" একদিনে তিন জায়গায় কাজের নামে তাকে ছুটিয়ে নিয়ে বেড়ানো হয় নূরকে। মাত্র দুশো টাকার বিনিময়ে। এভাবেই নাট বল্টু তৈরির সহায়ক হিসেবে কাজ করেন লুধিয়ানায় এক যন্ত্রাংশ নির্মাণের কোম্পানীতে । নূর এটাকেই কাজ করা বলে জানে। সেই কাজ সে সংসারের জন্য করছে। কারণ সে গরিব। তিন ছেলে মেয়ে নিয়ে স্বামীর একার উপার্জন যথেষ্ট নয়। তাই তার কাজ করাকে সে নিয়তি বলেই মেনে এসেছে। স্বামীও পাঞ্জাবে তামা -লোহা কাটার কাজ করে।


নূর বাড়ি ফিরে এসে পড়েছে বিপদে। লকডাউনেরর জন্য টাকা পায়নি। স্বামীর কাজ বন্ধ হয়ে গিয়েছিল। জমানো টাকা খেয়ে দীর্ঘ দেড় মাস লড়াই এর পর ফিরে এসেছে ইদের আগে গ্রামে। ছেলে মেয়েদের নতুন জামা দূরে থাক খাবারও কিছু কিনতে পারেনি। নিজে একটা নতুন শাড়িও পরতে পারেনি ইদের নামাজের দিন।

লকডাউনে তড়িঘড়ি পালিয়ে এসেছে দেশে। এখনোও পাঞ্জাবে ঘরে সব তালাবন্দি। কখন ফিরতে পারবে জানেনা। ফিরে কাজ থাকবে কিনা তাও জানেনা। এদিকে ঘর ভাড়ার টাকা তো গুনতে হবে ভেবেই মাথায় হাত নূরের। মহিলা শ্রমিকের আলাদা স্বীকৃতি নেই। সামান্য টাকায় নানারকম কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় তাকে। পারিশ্রমিক সামান্য। প্রতিদিন শ্রম চুরি। কিন্তু নূর কাজ করে খায় এতে খুব খুশি। "ব্যাটাছেলের সঙ্গে কথা কহিতে দেয় না। ম্যায়াদের সঙ্গে ম্যায়ারা একসঙ্গে কাজ করত। নিজের নিজের পায়সা নিয়ে বাড়ি আসতু। কাজে ভালো লাগত।"

এই হাড় ভাঙা বেহিসেবী কাজে নূরদের কোনোও অভিযোগ নেই। শেষ কথা "সাহাব খুব ভালো। ব্যাটাছেলেদের আলাদা আর মেয়্যাছেলেদের আলাদা ঘর কাজের।" এদের কাছে ভালো হতে গেলে বিশেষ কোনোও গুনের দরকার হয়না। এতটা সরল মহিলাদের শ্রমিক হিসেবে বছরের পর বছর অতিরিক্ত খাটিয়ে কোম্পানী মুনাফা করতে থাকে। কিন্তু বিপদে একমাসের মাইনে আগাম দিয়ে বাড়ি পাঠানোর দায় মাথায় নেয় না।
রুকুনপুর,হরিহরপাড়া, মুর্শিদাবাদ

রেনুকা খানমের লকডাউনের দিন

 রেনুকার লকডাউনের দিন

 গ্রুপের নাম ভরসা হলেও রেনুকা ৪৫ টি পরিবারের ভরসা হয়ে উঠতে পারল না। দীর্ঘ লকডাউন কোমর ভেঙ্গে  দিল রেনুকার। ঘরভর্তি জুটের ম্যাট,তারের ব্যাগ  ও দেওয়াল সজ্জার  জিনিষ নিয়ে হস্তশিল্পী রেনুকা  একেবারে অসহায়। মেলা বাতিল। বিক্রী বন্ধ। প্রতি বছর দমদম,বারাসত থেকে অর্ডার আসে ম্যাটের। তারপর বাসে করে প্রোডাক্ট দিয়ে পাঠায় রেনুকা। এবারে সেটাও হয়নি। রেনুকার নিজের দলের বারোজন মেয়ের বাইরে আছে প্রায় তেত্রিশ জন। সকলেই হাত গুটিয়ে বসে আছে।  এদের অনেকের পরিবারে নিজেদের উপার্জন ছাড়া অন্য কোনও আর্থিক সংস্থান নেই। রেনুকার পরিবারে স্বামীর উপার্জন  লকডাউনের পর চালু হওয়ায় কোনওভাবে সংসার চলছে। কিন্তু নিজের সঙ্গে জুড়ে থাকা মেয়েদের সাহস জোগাতে পারছেনা রেনুকা।লকডাউনের অর্তকিতে হানা। বানানো জিনিষের চাহিদা নেই। এদিকে মেয়েদের কাজ বন্ধ থাকায় হতাশা ও কষ্ট বেড়েই চলেছে।



 মূল সমস্যা হচ্ছে রেনুকাদের মেইনস্ট্রিম মার্কেটের সঙ্গে যোগাযোগ খুব বেশি গড়ে উঠছে না। লার্জ স্কেল এন্টারপ্রাইজ হয়ে ওঠার ক্ষেত্রেও বেশি দূর এগিয়ে নেই ওরা।যদিও ভারতে পঞ্চাশ মিলিয়ন মহিলারা সেল্ফ হেল্প মুভমেন্টের অংশীদার।রেনুকারা আর্টিজান কিন্তু ফ্যাশন ডিজাইনার ইন্ডাস্ট্রির সঙ্গে এরা গাঁটছড়া বাঁধতে পারেনি।

মেলার অপেক্ষায় দিন কাটে। তার মূল কারণ এরা কেউ টেকনোলজি ফ্রেন্ডলি নয়। ইনফরমেশন ও নেই এদের কাছে। নিজের কাজ বিশ্বের দরবারে বাইরের উদ্যোগ ও সাহায্য ছাড়া কিছুতেই নিয়ে যাওয়ার সাধ্য নেই। বিপদের সময় মানে প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়ে  এরা পুরোপুরি বিধ্বস্ত। নিজের দলকে বা মেয়েদের বাঁচানোর সাধ্য প্রায় নেই বললেই চলে! গ্রুপ নিষ্ক্রিয় হয়ে পড়ছে। তবুও আশায় দিন গুনছে রেনুকা।



কাথাষ্টিচ শিল্পী সোনালির লকডাউনের দিন

  কাঁথাষ্টিচ শিল্পী সোনালির লকডাউন যাপন    মেয়েদের সুন্দর মুখের নয়, সুন্দর কাজের জয়  সর্বত্র। সাফল্যের সীমানা দিগন্তপার। তাইতো সোনালীদের এত ...